ঠাকুরগাঁওয়ের রুহিয়ার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমাসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে এতে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক। সৌজন্যে ও সার্বিক চিকিৎসাসেবার ব্যবস্থাপনায় ছিল রুহিয়া প্রগতি সংঘ ক্লাব। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে অপারেশনের জন্য ছানি রোগী শনাক্ত করা হয়।
আয়োজকরা জানান, ছানি পড়া রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্সসহ অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচও আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে। স্থানয়ীরা জানান, অবহেলিত ও নিম্নআয়ের মানুষের জন্য এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক।
চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সেবাগ্রহীতারা।