পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ নিশ্চিতকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল জনসচেতনতামূলক র্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সিরাজগঞ্জবাসীর প্রিয় জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জনস্বার্থে প্রদর্শিত এ র্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশ নেয়।
অংশগ্রহণকারীরা “নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” স্লোগানসম্বলিত পরিবেশ সচেতনতামূলক নানাবিধ ব্যানার-ফেস্টুন বহন করে।
র্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক আমিনুল বলেন, “সিরাজগঞ্জকে ডেঙ্গুমুক্ত এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে জরুরি। আসুন, আমরা নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলি এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করি। সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এসময় তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ সিরাজগঞ্জ গড়ে তুলতে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হবে।”
র্যালি শেষে তার নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।অভিযানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে বের করে তা ধ্বংস করা হয় এবং ডেঙ্গু বিষয়ে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।