ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পার্থ বর্মন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পার্থ বর্মন রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন—একই গ্রামের ভারত চন্দ্র বর্মনের ছেলে সৌরভ চন্দ্র বর্মন (২২) এবং ধীরেন চন্দ্র বর্মনের ছেলে রাকেশ বর্মন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে ঢোলারহাট বাজার এলাকায় একটি শস্যবাহী ট্রাক্টরের (মহেন্দ্র গাড়ি) সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পার্থ বর্মনের মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত সৌরভ ও রাকেশকে উদ্ধার করে দ্রুত ইজিবাইকযোগে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার পর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।