চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ফ্রি গাড়ি সার্ভিস চালু করে প্রশংসা কুড়িয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা এডভোকেট নুরুল কবির রানা।
মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর আওতায় কৈনপুরা উচ্চ বিদ্যালয়, চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাচ্ছেন।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে এডভোকেট নুরুল কবির রানা বলেন, “পরীক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যেই এই ফ্রি পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন যাতায়াত সমস্যার কারণে পরীক্ষায় দেরি বা অনুপস্থিতির ঝুঁকিতে না পড়ে।”
তিনি আরও বলেন, “আমার ইউনিয়নের কোনো শিক্ষার্থী যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমি সবসময় সচেষ্ট থাকব। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে বলেন, এতে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি অভিভাবকদের দুশ্চিন্তাও অনেকটা কমবে।
সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষাবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।