“তরুণের শক্তি, খেলাধুলার গতি—এগিয়ে যাক ত্রিপুরা সমাজের ঐক্য ও প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ি ত্রিপুরা পাড়ার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৯ জুন) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস), খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্টের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি ফলেন ময় ত্রিপুরা।
টুর্নামেন্টের সদস্য সচিব এবং বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্টের আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি সোহাগ ত্রিপুরা। তিনি আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী দল, অতিথি ও দর্শকদের স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির চর্চা গড়ে তোলে। ত্রিপুরা সমাজের তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেই এ আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, স্থানীয় ইউপি সদস্য রাম কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য জ্যোতিষ বসু ত্রিপুরা, খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি রেভিলিয়াম রোয়াজা এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদকাসক্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গঠনের কার্যকর হাতিয়ার। ত্রিপুরা সমাজে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিস্তার ঘটাতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং দর্শক-অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইমাং বাকসা ক্লাব ও বাঙালকাটি কিং ইলেভেন। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি দেখা যায়।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে খাগড়াছড়ি ও পার্শ্ববর্তী এলাকার মোট ২৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলোকে কয়েকটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা পরিচালিত হবে। তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং ত্রিপুরা সমাজে ঐক্য ও প্রগতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।