ময়মনসিংহ নগরীর মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে মো. রাব্বি (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি স্থানীয় বাসিন্দা এবং পাসপোর্ট অফিসের পাশে একটি ফটোকপির দোকানের মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বির ওপর হামলা চালানো হয়। দুপুরে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী রামদা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, জনবহুল এলাকায় দিনদুপুরে এমন নৃশংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ, ডিবি ও র্যাবের সমন্বিত টিম কাজ করছে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
নিহত রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।