৪১ বছর পুলিশে, ফুলে সাজানো গাড়িতে শেষ বিদায় শের আলীকে দীর্ঘ ৪১ বছর ৮ মাসের চাকরিজীবন শেষে বাংলাদেশ পুলিশ থেকে অবসরে গেলেন কনস্টেবল মোহাম্মদ শের আলী।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে তার শেষ কর্মস্থল চট্টগ্রামের আনোয়ারা থানায় সহকর্মীরা ফুল দিয়ে গাড়ি সাজিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দেন।
১৯৮৫ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া শের আলী কর্মজীবনে রাঙামাটি, খাগড়াছড়ি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), কক্সবাজার, লক্ষ্মীপুরসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। সর্বশেষ আনোয়ারা থানায় প্রায় এক বছর দায়িত্ব পালন করেন তিনি।
বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অনেক সহকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন।
মোহাম্মদ শের আলী বলেন, দীর্ঘ কর্মজীবনে অনেক সহকর্মীকে হারিয়েছেন। সুস্থ শরীরে সবার কাছ থেকে বিদায় নিতে পারায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতার কথা সবসময় মনে থাকবে বলেও জানান তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শের আলী দীর্ঘ ৪১ বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ প্রতিষ্ঠান থেকে তাকে সুন্দর ও স্মরণীয়ভাবে বিদায় দিতে আমরা এই আয়োজন করেছি। তার ও তার পরিবারের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।