
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরন ঘোষের বিরুদ্ধে আশ্রমের তহবিল তছরুপ, অনিয়ম এবং আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ তুলেছেন আশ্রম কর্তৃপক্ষ। এসব অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আসন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়। এতে বলা হয়, বিপুল বরন ঘোষকে পূর্বে আশ্রমের কোষাধ্যক্ষের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আশ্রমের তহবিল তছরুপসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
লিখিত বক্তব্য অনুযায়ী, তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৪৯১ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
আশ্রম কর্তৃপক্ষের অভিযোগ, জেল থেকে বের হওয়ার পর বিপুল বরন ঘোষ সরাসরি আশ্রমে না এসে পর্দার আড়াল থেকে কয়েকজন ব্যক্তিকে সামনে রেখে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছেন। এ সময় বিভিন্ন ধরনের অসদাচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আশ্রমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রশাসনের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। তবে অভিযোগের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আশ্রম কর্তৃপক্ষ প্রশাসনের আইনানুগ ও নিরপেক্ষ ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেছে।
আশ্রম কর্তৃপক্ষ জানায়, শ্রীগুরু সংঘের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর পরমারাধ্য গুরুর আবির্ভাব উৎসব উপলক্ষে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। তাই উৎসবকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
দুই দফা দাবি
সংবাদ সম্মেলন থেকে আশ্রম কর্তৃপক্ষ দুটি দাবি জানায়। প্রথমত, আশ্রমের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। দ্বিতীয়ত, আসন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা।
আশ্রম কর্তৃপক্ষ একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে এবং আশ্রমের ধর্মীয় পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে।