• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

নেত্রকোণা-ময়মনসিংহ রুটে বিআরটিসি বাসে যাত্রী ভোগান্তি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণা / ১১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী বিআরটিসির দ্বিতল বাসে সেবার মানোন্নয়ন, যাত্রী হয়রানি বন্ধ এবং অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নেত্রকোণা শহরের নাগড়া বিআরটিসি বাস কাউন্টারের সামনে সচেতন নাগরিক ও ছাত্রসমাজ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নেত্রকোণা-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিআরটিসি বাসে সাম্প্রতিক সময়ে যাত্রীসেবার মান নিম্নমুখী হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুসরণ না করা, মাঝপথে যাত্রী ওঠানামা, যাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাবের কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

এ সময় বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর রেড জুলাইয়ের অ্যাডমিন আকাশ অভি, মোহাম্মদ রাব্বী, ছাত্রী মম, অর্পণ, পূর্ণ, সাম্য, স্বপ্ন ও শফিক।

বক্তারা বলেন, বিআরটিসি বাস পরিচালনায় দায়িত্বশীলদের তদারকির ঘাটতি ও অনিয়মের কারণে সেবার মান দিন দিন খারাপ হচ্ছে। বিশেষ করে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে নানা সমস্যায় পড়ছেন।

মানববন্ধনে অংশ নিয়ে বিআরটিসির এক সুপারভাইজার মোহাম্মদ রাব্বী অভিযোগ করেন, ময়মনসিংহ বিআরটিসি ডিপোতে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। তিনি দাবি করেন, ডিপোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে, যার নেতিবাচক প্রভাব সরাসরি যাত্রীসেবায় পড়ছে।

বক্তারা বিআরটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, যাত্রী হয়রানি বন্ধ, নিয়মিত সময়সূচি নিশ্চিতকরণ এবং অভিযোগের বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..