ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে বিক্ষোভের নামে ঠাকুরগাঁও-ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে উল্লাস করার অভিযোগ উঠেছে একদল বিক্ষুব্ধ চক্রের বিরুদ্ধে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ। ঘটনাটি ঘটে ১ লা এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে তিয়াশ-তিমু ফিলিং স্টেশন এলাকায়।
স্থানীয়দের ভাষ্যমতে, হঠাৎ করেই একদল অসাধু ব্যক্তি সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশটি বন্ধ করে দেয়। এতে জরুরি সেবাসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে পড়েন নারী, শিশু ও রোগীবাহী যানবাহন।
খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ভূল্লী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধকারীদের সড়ক ছেড়ে পালিয়ে যায়।
পরে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত তেল বিক্রির ঘোষণা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র মহাসড়ক অবরোধের সৃষ্টি করে।
এদিকে সচেতন মহলের দাবি, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা আইন অমান্য করে মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, একটি চক্র সরকারের সুনাম ক্ষুন্ন করার জন্য এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে অপচেষ্টা চালাচ্ছে। আমরা খবর পাওয়ার সাথেই সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। যারা এই ধরনের কাজ করতেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।