• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
হেডলাইন :

সাজেকে ইঁদুরবন্যা: বাঘাইছড়িতে ৫৫০ ক্ষতিগ্রস্ত পরিবার পাবে নগদ ও খাদ্য সহায়তা

পপেন ত্রিপুরা, খাগড়াছড়ি: / ৭৩ দেখেছেন
আপলোড : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ইঁদুরবন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০টি পরিবারকে নগদ সহায়তা ও খাদ্যসামগ্রী দেওয়া হবে। জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নাধীন “Humanitarian Assistance to Rat Flood Affected People in Rangamati District” শীর্ষক প্রকল্পের আওতায় এ সহায়তা পৌঁছে দেওয়া হবে, যা ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জীবিকা পুনরুদ্ধারে সহায়ক হবে।

এ লক্ষ্যে সোমবার (২১ জুলাই) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকল্পের একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান এবং সভাপতিত্ব করেন ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ও হেডম্যান (চেয়ারম্যান প্রতিনিধি) জৌপুই থাং ত্রিপুরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তাশ্রী সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিক্সন চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা নবা আলো চাকমা, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সাজু আহমেদ এবং বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

সভার শুরুতে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল তুলে ধরে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সুপারভাইজার মচরন ত্রিপুরা। প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফোকাল পারসন বিদ্যুৎ জ্যোতি চাকমা এবং কারিতাস বাংলাদেশ ও প্রকল্প কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন টিম লিডার শুভ্রা তেরেজা সরদার। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি অর্গানাইজার প্রকাশ ত্রিপুরা, নমিতা ত্রিপুরা ও শাকিল ত্রিপুরা।

সিএএফওডি (CAFOD), কারিতাস হংকং ও কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আলোচনায় প্রধান অতিথিসহ উপস্থিত কর্মকর্তারা বলেন, জাবারাং কল্যাণ সমিতি অতীতেও এ ধরনের মানবিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে, যা দুর্যোগকালীন মানবসেবায় প্রশংসার দাবি রাখে। তাঁরা বর্তমান কর্মএলাকার পাশাপাশি ইঁদুরবন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য ইউনিয়নেও তথ্য সংগ্রহ করে কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাব দেন এবং প্রয়োজনে সার্বিক প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা প্রকল্পের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিভাগীয় প্রধানের সহযোগিতা কামনা করেন এবং জাবারাং কল্যাণ সমিতিকে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করে কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।

সভার শেষে ইউএনও আমেনা মারজান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সঙ্গে সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে সততা ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য জাবারাং কল্যাণ সমিতি বাঘাইছড়ি উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..