ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতৈর রেলস্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে গোবড়া গামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি সাতৈর স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন বিকাশ কর্মকার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বিকাশ কর্মকার সাতৈর ইউনিয়নের পাইকহাটি গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের পরিচিত স্বর্ণকার ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সাতৈর রেলওয়ের ওয়েম্যান রাসেল জানান, “বিকাশ কর্মকার আমার সামনে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ পেয়ে আমি সরে যাই। কিন্তু তিনি হঠাৎ করেই ট্রেনের নিচে ঝাঁপ দেন।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার অসুস্থ হয়ে মারা যান। তাদের একমাত্র ছেলে বিশাল কর্মকার বর্তমানে নানাবাড়িতে বসবাস করছেন।
স্থানীয় রুবেল মাতুব্বর জানান, ঘটনাস্থল থেকে বিকাশ কর্মকারের পকেটে থাকা ভোটার আইডি কার্ড এবং তার স্ত্রী ও সন্তানের ছবি উদ্ধার করা হয়েছে।
আরও জানা গেছে, কয়েক বছর আগেও তিনি সাতৈর বাজারের একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তবে ঋণগ্রস্ত হয়ে ব্যবসা ছেড়ে ঢাকায় চাকরি নিতে বাধ্য হন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পৈত্রিক জমি বিক্রির উদ্দেশ্যে বাড়িতে আসেন, কিন্তু স্বজনদের আপত্তির মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব পারিবারিক ও আর্থিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করা হবে।