খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ১৮ বছর বয়সী এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আচিংমং মারমা ওরফে চিংমং মারমা (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ফেনী সদর থানাধীন লেমুয়া মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদস্যদের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত আচিংমং মারমা লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের মংহলা পাড়ার মংথুইঞো মারমার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই বিকেলে ভুক্তভোগী তরুণী তার ১৭ বছর বয়সী ছোট বোনকে নিয়ে মানিকছড়ির মহামুনি এলাকার একটি শিশু পার্কে বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় তাদের নামিয়ে দেওয়া মোটরসাইকেল চালকের সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্ক রয়েছে—এমন সন্দেহে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরে স্থানীয় কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। তবে অভিযোগ রয়েছে, আসামিরা ওই সিদ্ধান্ত অমান্য করে ভুক্তভোগীকে শান্তিবাহিনীর হাতে তুলে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের মংহলা পাড়ার একটি যাত্রীছাউনিতে নিয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সেখানে গত ৮ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে প্রধান আসামি আচিংমং মারমা ভুক্তভোগীকে মারধর ও গলা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মামলার ২ ও ৩ নম্বর আসামি রাস্তার পাশে দাঁড়িয়ে পাহারা দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ৯ আগস্ট লক্ষ্মীছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটির এফআইআর নং-১ এবং জিআর নং-৮।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।