
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া আক্তার। তিনি হাবিপ্রবির ২১ ব্যাচের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুর জেলায়।
সহপাঠীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত সিনথিয়া ছাত্রীনিবাসের অন্য শিক্ষার্থীদের সঙ্গে স্বাভাবিকভাবে গল্প ও আড্ডা দিয়েছেন। বুধবার সকালে আশপাশের কক্ষের কয়েকজন তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। তবে বিষয়টি তখন গুরুত্ব দিয়ে দেখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ থাকায় দিনভর তার সঙ্গে অন্যদের আর দেখা হয়নি।
সন্ধ্যায় ছাত্রীনিবাসের ভাড়া সংক্রান্ত একটি মিটিংয়ে অংশ নিতে তাকে ডাকতে গিয়ে আবারও কোনো সাড়া না পেয়ে বিষয়টি মেস মালিককে জানান অন্য শিক্ষার্থীরা। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে সিনথিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে যায়।
হাবিপ্রবির সহকারী প্রক্টর আবুল কালাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি মেসে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়ার বিষয়টি তারা জানতে পারেন। পরে প্রো-ভিসিসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যান। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও খতিয়ে দেখা হবে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলা হচ্ছে। নিহতের স্বজন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।