
পারভেজ মাহমুদ,জেলা প্রতিবেদক বরিশালঃ
বরিশালে আলেকান্দা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
” এসো হে নবীন এসো হে দ্বারে,
নবযুগ ডাকিছে তোমারে” এই স্লোগানকে ধারণ করে ২৪ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়াম কক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অশোক সরকার।
এ সময় নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।পাশাপাশি নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের সাথে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা কর্মচারীবৃন্দদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে উঠে অডিটোরিয়াম কক্ষ। এসময় কলেজের শিক্ষকবৃন্দ, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী,অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য ও সুরের মোহনা ছড়িয়ে পড়ে নবীনদের মাঝে।
অনুষ্ঠানে সভাপতি অধ্যাপক লিয়াকত হোসেন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষা জীবনের শুরু থেকেই মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।