
ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে নওগাঁর মান্দায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নূরুল্ল্যাবাদ ইউনিয়ন ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুসুম্বা ইউনিয়ন ফুটবল দল।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কালিগ্রাম কাচারি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ, মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোস্তফা আল-আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল হক, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, নুরুল্ল্যাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জায়দুর ইসলাম, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমজাদ হোসেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব ও ক্রীড়া বিভাগ, মান্দা উপজেলা শাখার সভাপতি সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি নূরনবী ইসলাম।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।