জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারিচালিত ভ্যান চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. মাহমুদুল (৩৩) নামে এক ভ্যানচালক।
গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর রাস্তার মোড় সংলগ্ন এলাকায় ভ্যান রেখে তিনি পাশের একটি পানের দোকানে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান, তার ভ্যানটি সেখানে নেই।
অভিযোগে মাহমুদুল দাবি করেন, আশপাশে খোঁজাখুঁজি করে ভ্যানটির সন্ধান না পেয়ে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেন ভ্যানটি প্রতিবেশী ফরমান আলীর বাড়িতে আছে ।
পরে তার প্রতিবেশী মো. আজাহারকে ভ্যানটি নিয়ে আসার জন্য পাঠিয়ে দিলে ফরমান ভ্যান দিতে অস্বীকৃতি জানান । এ সময় ভ্যানটি ফেরত চাওয়া হলে তাকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ভ্যানটি উদ্ধারের পাশাপাশি অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচবিবি থানায় লিখিত আবেদন করেছেন মাহমুদুল।
বিষয়টি বিবাদী ফরমান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ভ্যান চুরি করি নাই, আমি তার কাছ থেকে টাকা পাবো, টাকা দিচ্ছে না তাই ভ্যান নিয়ে এসেছি, টাকা দিলে ভ্যান ফেরত দিবো।