নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট ফাইনালে ৪ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, অন্যতম সদস্য মো. মাহফুজুল হক চৌধুরী (বাবু), সদস্য আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাসান আলী, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর সাপাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যেই ওয়ার্ডভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচকেও পুরস্কৃত করা হয়।