
খুলনার চাঞ্চল্যকর তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য আরিফকে (২২) গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল।
গত ২৮ অক্টোবর ২০২৬ ইং তারিখ, বিকেল ১৭:০০ ঘটিকার সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন উত্তর টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ খুলনা সদর থানাধীন ফরিদ মোল্লার মোড় এলাকার বেলাল খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ ইং তারিখ ভিকটিম তাওহিদুল ইসলাম তুষার মোটরসাইকেলযোগে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোড থেকে মিস্ত্রিপাড়া বাজারগামী আনসার উদ্দিন সড়ক হয়ে যাওয়ার পথে আমিনুল ইসলাম অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছান। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি করে। গুলিতে ভিকটিমের বাম পাজরের বগলের নিচে মারাত্মক জখম হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।
এ ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ শাহ আলম খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে আসামি করে হত্যা মামলা এবং ঘটনাস্থল থেকে ফায়ার্ডকৃত কার্তুজের অংশবিশেষ উদ্ধার হওয়ায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কেএমপির খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
