
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৫৯-এর উপ-ধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাববলে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাথে পরামর্শক্রমে ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা, ২০১৮’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে প্রকাশিত অতিরিক্ত সংখ্যা বাংলাদেশ গেজেটে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে শিক্ষক ও কর্মচারীদের আত্মীকরণ, পদবি, বয়স এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বিধিমালার বেশ কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে।
বিধিমালার বিধি ২-এর উপ-বিধি (৯)-এ ‘সরকারিকৃত কলেজের শিক্ষক ও কর্মচারী’র সংজ্ঞায় পরিবর্তন এনে এতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক পদের পাশাপাশি ‘উপাধ্যক্ষ (নন-ক্যাডার)’ এবং ‘সহযোগী অধ্যাপক (নন-ক্যাডার)’ পদগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে নতুন উপ-বিধি সংযোজন করে জানানো হয়েছে যে, অস্থায়ী নিয়োগ প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক ও কর্মচারী ভূতাপেক্ষভাবে উক্ত প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখে যোগদান করেছেন বলে গণ্য হবেন। তবে এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে তা কার্যকর হবে।
অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা বিদ্যমান জাতীয় বেতন স্কেলের নির্ধারিত স্কেলে বেতন-ভাতাদি পাবেন। এক্ষেত্রে তাদের কার্যকর চাকরিরকাল সংশ্লিষ্ট পদের চাকরিরকাল হিসেবে গণ্য হবে, যা তাদের বেতন-ভাতা নির্ধারণ, পেনশন এবং ছুটির জন্য গণনাযোগ্য হবে।
নতুন বিধি ৬ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হন, বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন বা বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ হন অথবা সরকারিকরণের তারিখে যার বয়স সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমার বেশি হয়, তবে তিনি অস্থায়ী নিয়োগ লাভের যোগ্য হবেন না।
অস্থায়ী নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরে গঠিত মেডিকেল বোর্ড বা ক্ষমতাপ্রাপ্ত মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্যগতভাবে উপযুক্ত মর্মে প্রত্যায়ন এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পূর্ব কার্যকলাপের তদন্ত সাপেক্ষে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের উপযুক্ত বলে পরিগণিত হতে হবে।
সংশোধিত এই বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।