
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন খাসিয়াল ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে আবির রায় (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নিহত আবির রায় শিবানন্দপুর গ্রামের বিমল রায়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে নিজ ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন আবির। পরে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নড়াগাতী থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবির রায় দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। ২০২৫ সালে তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এরপর থেকে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এর আগেও কয়েকবার গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করেছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের পরবর্তী তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।