
নড়াইলের কালিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পিরোলী-শীতলবাটি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী পিরোলী বাজার ফুটবল মাঠে পিরোলী উদীয়মান সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মোঃ কামরুল আলম, হাবিবুল আলম বীরপ্রতীক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন, থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমরুজ আলী, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল মোল্লা, পিরোলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ জামির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ রহমান শেখ, বিএনপি নেতা মোঃ ইস্রাফিল জোয়ার্দ্দার এবং পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী ম্যাচে খুলনার আরএস ফুটবল একাডেমি ৪-০ গোলের বড় ব্যবধানে দিঘলিয়ার পদ্মবিলা মুসলিমডাঙ্গা ফুটবল দলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে জাতীয় দলের খেলোয়াড় মোঃ সংগ্রাম একটি গোল করে আরএস ফুটবল একাডেমিকে এগিয়ে নেন। এরপর দলের হয়ে মোঃ রামিম হোসেন প্রথমার্ধে আরও দুটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল করেন। ফলে ৪-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে খুলনার দলটি।
ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনটি গোল করে হ্যাটট্রিক অর্জন করায় রামিম হোসেনকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
খেলাটি পরিচালনা করেন রেফারি মোঃ হিলাঙ্গীর শুকদার। সহকারী রেফারি ছিলেন মোঃ পারভেজ শেখ ও মনিরুল ইসলাম। ধারাবিবরণী দেন মোঃ মাসুমার রহমান মাসুম ও কামরুল হাসান বাবু।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রোববার (১ নভেম্বর) তেরখাদা ফুটবল দল ও চাঁচুড়ী ফুটবল দল পরস্পরের মুখোমুখি হবে। আট দলীয় এ আয়োজন ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।