ঝালকাঠি সদর উপজেলা চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এই জনকল্যাণমূলক কর্মসূচিগুলো সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি সদর উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের হাতে উন্নতমানের চারা ও কৃষি বীজ তুলে দেওয়া হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে চাল এবং আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলা পরিষদের নতুন ভবনকে সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করার পাশাপাশি জনকল্যাণমূলক এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানান।