লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলোচিত দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনের দাবীতে চলমান আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।
সোমবার (৩ আগস্ট) বিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিকট পৃথক পৃথক স্মারকলিপি প্রেরণ করা হয়। স্মারকলিপি সমুহ পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বর্তমানে বিদ্যালয়টিতে ১ জন মাত্র নিয়মিত শিক্ষক এবং ৮ জন খণ্ডকালীন শিক্ষক দায়িত্ব পালন করছেন। অথচ বিদ্যালয়ে প্রায় ৫০৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠদান ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে চরম সংকটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের দাবী, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষত বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ের শিক্ষক সংকটের কারণে তারা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় দিন দিন পিছিয়ে পড়ছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবী তুলে ধরেন। দাবীগুলো হলো:
(১)শূন্য পদে দ্রুত স্থায়ী বা বিকল্প শিক্ষক নিয়োগ
(২) প্রতিদিন রুটিন অনুযায়ী নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করণ
(৩) বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ের জন্য দ্রুত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে শিক্ষার্থীরা শিক্ষক সংকট নিরসন এবং বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। স্মারকলিপি গ্রহণ করে শীঘ্রই শিক্ষক সংকট নিরসন হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন।