জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের অধিকতর সম্পৃক্ততার দাবি
পটিয়ায় আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ ও যুবসমাজের অংশগ্রহণ আরও বাড়াতে কার্যকর আইন প্রণয়ন, পর্যাপ্ত অর্থায়ন ও বাস্তবমুখী কর্মসূচি নিশ্চিত করা জরুরি। তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক-কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
সনাক পটিয়ার সহ-সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাঈল। বিশেষ অতিথি ছিলেন সনাক পটিয়ার সাবেক সভাপতি লেখক ও সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর।
সভায় বক্তব্য দেন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)’র সমন্বয়ক জেড এম জাহিদুল ইসলাম, সাবেক ইয়েস দলনেতা ইয়াছমিন আকতার ও শিক্ষার্থী জান্নাতুল মারিয়া। দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য জাহেদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ তরুণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিপুলসংখ্যক তরুণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের বড় একটি অংশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করতে আগ্রহী। তাই তরুণদের জন্য আধুনিক ও কারিগরি শিক্ষা, সবুজ কর্মসংস্থান, উদ্যোক্তা সহায়তা, প্রযুক্তিগত সুবিধা, মানসিক স্বাস্থ্যসেবা এবং জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
এ সময় তরুণদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, প্রান্তিক তরুণদের জন্য বিশেষ সুযোগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় কৌশল ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এসিজি ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।