
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও জিরা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ কলসিমূখ বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, কলসিমূখ বিওপির সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ আকন্দের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৮০৭ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে চতুরতার সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা এলাকাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে আনা ভারতীয় কসমেটিকস ও মসলা জাতীয় পণ্য উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১২টি হানিমুন সাবান, ২০টি কোলগেট টুথপেস্ট, ১০০টি ক্লিয়ার শ্যাম্পু, ১০০টি সানসিল্ক শ্যাম্পু এবং ৪ কেজি কাকা জিরা।
বিষয়টি নিশ্চিত করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, জব্দকৃত মালামাল কাস্টমস আইন অনুযায়ী জমা দেওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বিজিবির এমন চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।