
‘আমি যতদিন শরিয়াহ আইনের পক্ষে থাকব, ততদিন আপনারা আমার পক্ষে থাকবেন। আর যেদিন আমি শরিয়াহ আইনের বিরুদ্ধে চলে যাব, সেদিন আপনারা আমার থেকে সরে যাবেন’—এমন বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে খাগড়াছড়ি ঈদগাহ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচনে অনেক ইসলামী দল শুরুতে শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বললেও পরে খোঁজ নিয়ে দেখা যায়, তারা প্রকৃতপক্ষে শরিয়াহ আইন চায় না।
তিনি বলেন, ‘আমার বাবা প্রায়ই একটি কথা বলতেন—আমি যতদিন শরিয়াহ আইনের পক্ষে থাকব, তোমরা ততদিন আমার পক্ষে থাকবে। আর আমি যদি শরিয়াহ আইনের বিরুদ্ধে চলে যাই, তাহলে তোমরা আমার থেকে সরে যাবে। আমিও আমার নেতা-কর্মীদের একই কথা বলি।’
তিনি আরও বলেন, শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের আপস না করে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন।
মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, মুজাহিদ কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।