
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল ও হিফজ সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআনুল কারিম হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে পাগড়ি ও তাফসিরে মারেফুল কোরআন উপহার দেওয়া হয়।
ধর্মীয় পরিবেশে আয়োজিত এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জামিয়াতুল মানহালের শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আদনান মসিউদ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ফেনীর রায়পুরের ফয়জুল উলুম মাদ্রাসার মাওলানা আব্দুর রহমান জামী এবং ঢাকার তেজগাঁওয়ের ক্ষতি পারীমা জামে মসজিদের হযরত মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজাদী বলেন, এ মাহফিলের মাধ্যমে এলাকায় ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধি পাবে। এলাকার মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবেন এবং আল্লাহর প্রদত্ত আইন মেনে চলতে উদ্বুদ্ধ হবেন। তাঁরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে, চুরি-ডাকাতি কমে আসবে, কেউ মা-বাবার সঙ্গে অসদাচরণ করবেন না এবং নারীদের প্রতি কেউ অসৎ দৃষ্টিতে তাকাবেন না।
এ ছাড়া মাহফিলে দীঘিনালা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীর সম্মাননা প্রদান। তাঁদের হাতে পাগড়ি ও তাফসিরে মারেফুল কোরআন তুলে দেওয়া হয়। পবিত্র কোরআন মুখস্থ করার এই অর্জন শিক্ষার্থীদের ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
আয়োজকেরা বলেন, কোরআন-সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাহফিল সফল করতে সহযোগিতাকারী অতিথি, আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।