
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, গণতান্ত্রিক সহাবস্থান এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয়ে জাতীয় ছাত্রশক্তির খাগড়াছড়ি সদর উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বৈষম্যহীন পার্বত্য অঞ্চল গঠন, আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক চেতনার বিকাশ, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং ছাত্ররাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি, খাগড়াছড়ি জেলা শাখার সদস্যসচিব শান্তনু ত্রিপুরা। তিনি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম শাহ নেওয়াজ তাঁর বক্তব্যে বৈষম্যহীন পার্বত্য অঞ্চল গঠন এবং ছাত্ররাজনীতিকে অন্যায়, দখলদারত্ব ও সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে রাখার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারিচুর রহমান রনি বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এনসিপি, খাগড়াছড়ি জেলা শাখার সদস্যসচিব সুবোধ চাকমা সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীল রাজনৈতিক আচরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ছাত্রশক্তির নেতাকর্মীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি, খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক নুরুল আলম বলেন, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি, খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইব্রাহিম খলিল শাওন। তিনি আধিপত্যবাদবিরোধী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ছাত্রশক্তির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁর বক্তব্যে ছাত্রসংগঠনগুলোর মধ্যে গণতান্ত্রিক সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পায়।
জাতীয় ছাত্রশক্তি, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আহ্বায়ক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনসিপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে শওকত হোসেন উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সদর উপজেলায় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বৈষম্যের অবসান, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সহাবস্থান এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।