
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দিনের বেলায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে খতিবর রহমান বাবু (৩০) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ ফারজানা আখতারের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা লঙ্ঘন করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ওই যুবককে আটক করা হয় এবং তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মিজ্ ফারজানা আখতার জানান, মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের নিয়মিত যৌথ অভিযান অব্যাহত থাকবে। তবে সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করতে হলে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।