
বান্দরবানের থানচি উপজেলায় সংবর্ধনা পেতে যাচ্ছেন জেলাভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া থানচির নারী ফুটবলাররা। এ উপলক্ষে বিজিবির আয়োজনে থানচিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। একই সাথে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীর প্রথম থানচি সফরকে ঘিরে পুরো পাহাড়ি জনপদে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন।
আয়োজক সূত্র জানায়, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের উদ্যোগে এ সংবর্ধনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ‘বান্দরবান জেলাভিত্তিক সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ থানচি নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনে নারী ফুটবলারদের এই সাফল্যকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা। কৃতী এসব খেলোয়াড়দের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতেই বিজিবি এই জমকালো সংবর্ধনার উদ্যোগ নেয়।
৩৮ বিজিবির সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন জানান, সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানে থানচি ও আশপাশের পাহাড়ি জনপদের বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, থানচির নারী ফুটবলারদের এই অর্জন কেবল একটি খেলার জয় নয়, এটি পুরো পাহাড়ের আনন্দ ও গৌরব। এই স্বীকৃতি পাহাড়ি নারীদের সাহস, আত্মবিশ্বাস ও প্রতিভার উজ্জ্বল প্রমাণ বহন করে। এ উদ্যোগ নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে এবং পাহাড়ি এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।
বিজিবি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানকে সফল ও নির্বিঘ্ন করতে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের আশা, মঙ্গলবারের এই আয়োজন থানচি মিনি স্টেডিয়ামে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হবে।