• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

হালান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, কোয়ার্টারে নরওয়ে

ফাহিম উদ্দিন / ৯০ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্ন থেমে গেল শেষ ষোলোতেই। আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় সেলেসাওরা। রায়ানের আক্রমণ থেকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাস কুনিয়ার উদ্দেশে বাড়ানো হলে ফাউলের শিকার হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত।

 

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারেস। তার নেওয়া দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরজান নিলান্ড। ম্যাচের মোড় ঘুরে যায় সেখান থেকেই।

 

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নরওয়ে। দলের প্রধান ভরসা আর্লিং হালান্ড পরপর দুটি গোল করে ব্রাজিলকে চাপে ফেলে দেন। দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়া ব্রাজিল শেষ দিকে মরিয়া চেষ্টা চালালেও কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি। যোগ করা সময়ে নেইমার একটি গোল শোধ দিলেও তা কেবল ব্যবধান কমানোর জন্যই যথেষ্ট ছিল।

 

এই পরাজয়ে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপেও একই পর্যায়ে বিদায় নিয়েছিল সেলেসাওরা।

 

ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। ইনজুরিতে ছিটকে পড়া লুকাস পাকেতার পরিবর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে মাঝমাঠে খেলানো এবং ব্রুনো গিমারেসকে পেনাল্টি নেওয়ার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত সমালোচনার জন্ম দিয়েছে। মাঝমাঠে ছন্দ হারানো ব্রাজিল আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র ও রায়ানের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

 

নরওয়ের গোলরক্ষক অরজান নিলান্ডও ছিলেন জয়ের অন্যতম নায়ক। পেনাল্টি রুখে দেওয়ার পাশাপাশি ভিনিসিয়ুস, মার্তিনেল্লি ও রায়ানের একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন তিনি। ৮৫তম মিনিটে নিজের ডিফেন্ডারের আত্মঘাতী শটও অসাধারণ দক্ষতায় পোস্টে লাগিয়ে দলকে বিপদমুক্ত করেন।

 

অন্যদিকে, ব্রাজিলের আক্রমণের প্রধান ভরসা ভিনিসিয়ুস জুনিয়র প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তের সিদ্ধান্তহীনতা ও ফিনিশিংয়ের ব্যর্থতায় দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হন তিনি।

 

শেষ পর্যন্ত হালান্ডের দুর্দান্ত নৈপুণ্য এবং নরওয়ের সংগঠিত ফুটবলের কাছে হার মেনে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে। আর ঐতিহাসিক এই জয় নিয়ে শেষ আটের লড়াইয়ে পা রাখল নরওয়ে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..