
সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, উদীয়মান রাজনীতিক ও শিক্ষিত তরুণ নেতা জনাব মোঃ ফারুক আহমেদ।
সোমবার (৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর এক দাপ্তরিক আদেশে এ তথ্য প্রকাশ করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হোসেন স্বাক্ষরিত উক্ত পত্রে জানানো হয়, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স অনুযায়ী সরকারের পূর্বানুমোদনক্রমে ৪ অক্টোবর হতে আগামী ৬ (ছয়) মাসের জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি মোঃ ফারুক আহমেদ ছাড়াও অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মো: মাসুদ রানা, শিক্ষক প্রতিনিধি মো: মজিবর রহমান এবং পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ ইসরাইল হোসেন।
ব্যক্তিজীবনে সদালাপী ও আত্মবিশ্বাসী হিসেবে পরিচিত মোঃ ফারুক আহমেদ ২০০৭ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বাণিজ্যে সম্মান (বিবিএস) ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন সমাপ্তির পর থেকেই তিনি স্থানীয় সমাজসেবা, রাজনীতি ও শিক্ষার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
শিক্ষা প্রতিষ্ঠানে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নবাগত এ সভাপতি তার প্রতিক্রিয়ায় জানান, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেছেন।
বিশিষ্ট এই শিক্ষানুরাগী বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় অভিভাবক, শিক্ষক ও এলাকার সুধীজন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।