
দিনাজপুরের গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মানবিক গুণাবলির বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১০ম বর্ষপূর্তি উদযাপন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বাংলাদেশ নন-গভর্নমেন্ট স্কুল বোর্ড সোসাইটি, দিনাজপুরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সোহেল রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং দিনাজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির ক্রিয়া সম্পাদক মামুনুর রশীদ কচি, চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পান্না, ইউনিয়ন বিএনপির সভাপতি আমির আলী।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়।
প্রতিষ্ঠানের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও স্মৃতিচারণের একটি মিলনমেলায় পরিণত হয়। ‘আবার দেখা হবে, দুই স্মৃতির সেই আঙিনায়’—এমন আবেগঘন প্রত্যয়ে বর্ষপূর্তির আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।