
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, এ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জামায়াতে ইসলামী সর্বশক্তি নিয়োগ করবে। বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে শহীদ হতে হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম ও শহীদ হয়েছেন এবং লক্ষাধিক নেতাকর্মী আহত, পঙ্গু ও কারাবরণ করেছেন।
শনিবার (১০ অক্টোবর) দিনাজপুর শহরের গ্রিন ভিউ কমিউনিটি সেন্টার এবং বীরগঞ্জ উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে পৃথকভাবে দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মা’ছুম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাসীন সরকার ইতোমধ্যে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করছে। জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা ও তামাশা করছে। তিনি দৃঢ়তার সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে ১১-দলীয় ঐক্য ঘোষিত গণমানুষের দাবি আদায়ে জামায়াতে ইসলামী জাতীয় সংসদ ও রাজপথে সোচ্চার ভূমিকা রাখবে।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, শপথের জনশক্তি রুকনদের কুরআন ও হাদিস অধ্যয়নের পাশাপাশি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণে যোগ্যতা অর্জন করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় শক্তিশালী ও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
সম্মেলনে বিভিন্ন সাংগঠনিক ও দ্বীনি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আব্দুল হাকিম, মো. আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা আমির আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, সাইদুল ইসলাম সৈকত, এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, সহিদুল ইসলাম খোকন, অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, তৈয়ব আলী, জেলা ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, মাওলানা মুজিবুর রহমান, শহর আমির মাওলানা সিরাজুস সালেহীন ও সদর উপজেলা আমির সহকারী অধ্যাপক মেহরাব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উক্ত ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে দিনাজপুর শহর, সদর উপজেলা, বিরল, চিরিরবন্দর, বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার পুরুষ ও মহিলা রুকনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপস্থিত ছিলেন।