
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ মাদকজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৯ অক্টোবর ২০২৬ রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বিওপি দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে ৪২ বিজিবির অধীনস্থ মশালগাঁও এবং মিনাপুর বিওপির সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাকারবারীদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মাদকের বিস্তার রোধ ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের কঠোর অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।