
খাগড়াছড়িতে ‘হামরনাই বন্থা’র উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ
খাগড়াছড়ি সদর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্থানীয় ঠাকুরছড়া জাগরণ পাঠাগার হলরুমে সামাজিক সংগঠন ‘হামরনাই বন্থা’র আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শিক্ষাই জাতির প্রকৃত মেরুদণ্ড: প্রধান অতিথি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা বলেন, “মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেকোনো জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, অন্যের সমালোচনা না করে একে অপরকে সহযোগিতা করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের আলোকেই পরিবর্তনের সূচনা করতে হবে।
‘হামরনাই বন্থা’র সভাপতি মিলন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি দিগন্ত ত্রিপুরা। সাধারণ সম্পাদক মনিকা রোয়াজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ও পাড়াকারবারি গৌরি মালা ত্রিপুরা, ওয়ার্ড সদস্য বিজয় রোয়াজা,বিটিকেএস খাগড়াছড়ি ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা, ‘হামরনাই বন্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি দিগন্ত প্রসাদ ত্রিপুরা, ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের সভাপতি প্রজ্জলময় রোয়াজা।
এছাড়াও অনুষ্ঠানে ঠাকুরছড়া উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বরুন ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ধৈর্য, সহনশীলতা ও অধ্যবসায়ের বিকল্প নেই। জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সংগঠনের কর্মএলাকা থেকে ২০২৬ সালে মোট ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অনুষ্ঠানে তিনজন কৃতী শিক্ষার্থীর হাতে একাদশ শ্রেণির পাঠ্যবই তুলে দেন অতিথিরা। অন্যান্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বই প্রদান করা হবে বলে আয়োজকরা জানান। এছাড়া, সংগঠনের কর্মএলাকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদেরও উপহার হিসেবে বই দেওয়া হয়।

ছবি দৈনিক গণচিঠি প্রতিবেদক
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘হামরনাই বন্থা’ খাগড়াছড়ি সদর উপজেলার জিরো মাইল থেকে নুনছড়ি এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাধ্যমিক পাস করার পর উচ্চশিক্ষার পথে উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও সংবর্ধনা ও বই বিতরণের এই মহৎ উদ্যোগ নেওয়া হয়।