ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রুহিয়া উপজেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রুহিয়া উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলাওয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছর দেশে অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছিল।
চব্বিশের ৫ আগস্টের পর ছাত্রসমাজ আশা করেছিল শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ও সন্ত্রাস থাকবে না, শিক্ষার সুন্দর পরিবেশ ফিরবে। শিক্ষার্থীরা অস্ত্রের পরিবর্তে কলম এবং মাদকের পরিবর্তে বই-খাতা তুলে নিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। তবে শিক্ষার্থীদের সেই আশা যেন দুরাশায় পরিণত না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
রুহিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ তামিম আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল হালিম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ আজগর আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা বায়তুলমাল সম্পাদক ও ঢোলাহাট ইউনিয়ন আমীর মোঃ হেলাল গনি, ঢোলাহাট ইউনিয়ন সেক্রেটারি মোঃ নুরে হাফিজ, রুহিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান ও সেক্রেটারি শফিজুল ইসলাম মিন্টুসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।