কুমিল্লার বাঙ্গরা উপজেলার শ্রীকাইল স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্বাস্থ্য বিভাগের যথাযথ তদারকির অভাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতালটি এখন পরিত্যক্ত হওয়ার উপক্রম। ফলে, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীকাইল স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি অনেক পুরনো। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, ছাদ দিয়ে পানি পড়ে এবং দরজা-জানালা ভেঙে গেছে। আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব তো আছেই, সাথে যুক্ত হয়েছে নোংরা পরিবেশ। পরিত্যক্ত ভবনের বিভিন্ন অংশে মশা-মাছির আস্তানা তৈরি হয়েছিল।
দীর্ঘকাল এ অবস্থা দৃষ্টে বুধবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটার জুবায়েরের উদ্যোগে ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় কমপ্লেক্স এলাকার পরিত্যক্ত অংশ পরিস্কার করা হয়।এতে করে অস্বাস্থ্যকর কমপ্লেক্স ভবনে কিছুটা স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আসলেও জরাজীর্ণ ভবনটির অবকাঠামোগত সংস্কার ও চিকিৎসা সরঞ্জামের অভাব পূরণ করতে সরকারি সাহায্যের প্রয়োজন।
প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও অবকাঠামো অচল হয়ে পড়া স্বাস্থ্য কমপ্লেক্সটির আধুনিকায়নের জন্য স্থানীয় জনগণ কুমিল্লা-৩ এর জনপ্রিয় ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এসময় তারা কম্প্লেক্সটির চিকিৎসাসেবার যথাযথ তদারকির জন্য স্বাস্থ্য বিভাগসহ অবকাঠামো নির্মানের জন্য সরকারের গণপূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এলাকাবাসী আশা করেন, মাননীয় ধর্মমন্ত্রী এই বিষয়টির দিকে দৃষ্টি দেবেন এবং শ্রীকাইলের সরকারি স্বাস্থ্য কপ্লেক্সটি নতুন করে গড়ে তুলবেন যাতে সাধারণ জনগন সঠিক চিকিৎসা সেবা পায়।