
পাহাড়ের মানুষের ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনের আবহকে ধারণ করে ককবরক ভাষায় নির্মিত নতুন মিউজিক ভিডিও ‘সাল কাসাদোক’ প্রকাশিত হয়েছে। নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়া এবং তাদের পাশে থাকার জন্য অভিভাবকদের প্রতি বার্তা দেওয়া হয়েছে গানটিতে।
মিউজিক ভিডিওটির অন্যতম প্রধান বার্তা—সন্তানের পড়াশোনা চালিয়ে নিতে উৎসাহ দেওয়া এবং তাদের পাশে থাকা। ককবরক ভাষাতেও শিক্ষার প্রতি সন্তানদের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে। ফলে গানটি বিনোদনের পাশাপাশি শিশুদের শিক্ষা অব্যাহত রাখা এবং তাদের ভবিষ্যৎ গঠনে পরিবারের দায়িত্বের বিষয়টিও সামনে এনেছে।
‘সাল কাসাদোক’ গানে কণ্ঠ দিয়েছেন সাইরুং রোয়াজা, খুমফ্রিং ত্রিপুরা ও জয়েস ত্রিপুরা। গানটির কথা ও সুর করেছেন পংকজ ত্রিপুরা। সংগীত পরিচালনা করেছেন উত্তম কুমার রায় (বন্ধন রেকর্ডিং স্টুডিও)।
মিউজিক ভিডিওটির প্রযোজক ত্রিপুরা স্মিতা এবং পরিচালক পংকজ ত্রিপুরা। এতে সহশিল্পী হিসেবে রয়েছেন কৃপায়ন ত্রিপুরা এবং গাছবান ও কলাবন পাড়ার স্থানীয় সম্প্রদায়ের মানুষজন। ভিডিওটির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন বিল্টু ত্রিপুরা। ক্যামেরা সহকারী হিসেবে ছিলেন প্রমেশ ত্রিপুরা।
ভিডিওটির দৃশ্যায়নে স্থানীয় মানুষের জীবনযাপন, প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক আবহকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চিত্রগ্রহণে অংশ নেওয়া কোনো সম্প্রদায়ের সদস্যের ক্ষতি হয়নি। অংশগ্রহণকারীদের নিরাপত্তা, মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ভিডিওতে অংশগ্রহণ ছিল স্বেচ্ছামূলক, সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক। অংশগ্রহণকারীদের সম্মতি এবং স্থানীয় সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
ককবরক ভাষায় নির্মিত ‘সাল কাসাদোক’ বিনোদনের পাশাপাশি শিক্ষা, পরিবার ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে সচেতনতার বার্তা তুলে ধরেছে। নির্মাতাদের প্রত্যাশা, নিজস্ব ভাষায় এমন সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও ঐতিহ্যের চর্চা বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুরুত্ব সম্পর্কেও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।