
নেত্রকোণা বারহাট্টা উপজেলার ৪নং আসমা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছায়েদুর রহমান খোকন নির্বাচনী গণসংযোগ ও স্থানীয় বাসিন্দাদের সাথে উঠান বৈঠক করেছেন। গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার গুমরিয়া গ্রামে স্থানীয় সাধারণ জনগণের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে এলাকার সর্বস্তরের ভোটারদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ছায়েদুর রহমান খোকন দীর্ঘদিন ধরে আসমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূলে যুবসমাজকে সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে আর্থিক সাহায্য দান এবং ভূমিদস্যুতা প্রতিরোধে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। এলাকার মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে থেকেছেন। তাই আসন্ন নির্বাচনে তারা বিপুল ভোটে তাকে বিজয়ী করে ইউপি চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
সভায় স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে ছায়েদুর রহমান খোকন বলেন,”আমি সবসময় আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। নিজের সততা ও উপার্জিত অর্থ দিয়েই এ “লাকার মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব দিলে অতীতের চেয়েও জোরালোভাবে আপনাদের পাশে থাকবো।”
তিনি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার করে বলেন, “ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। মুসলিম-সনাতন ধর্মাবলম্বীসহ আমরা সবাই মিলেমিশে সুখে-দুঃখে একই পরিবারের মতো বসবাস করবো। আল্লাহকে সন্তুষ্ট করতেই আমি জনসেবার পথ বেছে নিয়েছি, যেখানে কোনো গোপনীয়তা বা দুর্নীতি থাকবে না। ইউনিয়ন পরিষদের সকল সরকারি বরাদ্দ আপনারা কোনো প্রকার ঘুষ বা হয়রানি ছাড়া বুঝে নেবেন এবং নিজেদের অধিকার আদায় করে নেবেন।”
ইউনিয়ন পরিষদকে আধুনিক ও কল্যাণমুখী হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, “চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট, কালভার্ট সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও টিসিবি কার্ডসহ সমস্ত সরকারি সুবিধা শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত হকদারদের মাঝে বণ্টন করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্থানীয় বিদ্যালয়গুলোর উন্নয়ন এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করে একটি মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ে তোলা হবে।”
উক্ত উঠান বৈঠকে গুমরিয়া গ্রামসহ ইউনিয়নের সর্বস্তরের বিপুল সংখ্যক সচেতন নাগরিক, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।