
আসন্ন স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় সমর্থিত প্রার্থী নির্ধারণের লক্ষ্যে আনোয়ারা উপজেলার দায়িত্বপ্রাপ্ত যাচাই-বাছাই কমিটির সদস্যদের সঙ্গে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার কালাবিবি দিঘী এলাকার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রায়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক ইসমাইল বিন মনির।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে যোগ্য, সৎ, জনবান্ধব ও জনপ্রিয় নেতৃত্ব বাছাই করতে হবে।
যাচাই-বাছাই কমিটির নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা বিভেদকে প্রাধান্য না দিয়ে দলের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, আগামী স্থানীয় নির্বাচনে তার যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।
সভায় তৃণমূলের ঐক্য অটুট রেখে দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এসময় যাচাই-বাছাই কমিটির সদস্য মাস্টার মো. রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু ও এম. মনছুর উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।