
দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনায় পরিবারের নিরাপত্তার দাবিতে সংসদ সদস্যের বাসা ও থানায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারের নারীরা।
সোমবার (২৭ অক্টোবর) সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া এলাকার এ ঘটনায় তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরিবারের সদস্যদের অভিযোগ, ৩০ শতাংশ জমি নিয়ে কফিল উদ্দিন সরকারপক্ষ ও আইনুল হকপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ২৩ অক্টোবর জমির ফসল নষ্ট করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ২৪ অক্টোবর কফিল উদ্দিন সরকারপক্ষের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এতে মোকশেদ আলী, তসলিমা বেগম, ইয়াসমিন বেগম ও মোস্তাকিমা বেগমসহ কয়েকজন আহত হন। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরিবারটির দাবি, ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগে নারীরা সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের বাসায় অবস্থান নেন। পরে তাঁর নির্দেশনায় তাঁরা পুলিশের গাড়িতে থানায় গিয়ে নিরাপত্তা ও অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। এ ঘটনায় কফিল উদ্দিন সরকারের পক্ষ থেকে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। এতে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আইনুল হক জানান, সংঘর্ষে তাঁদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তাঁর ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁরাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও পরে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।