• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

জবিতে প্রথমবারের মতো ‘ডিনস অ্যাওয়ার্ড’; প্রস্তুতি পরিদর্শন জবি উপাচার্যের

সীমান্ত, ​জবি প্রতিনিধি : / ৫৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান। আগামীকাল বুধবার (১৭ জুন) জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। বর্ণাঢ্য এই আয়োজনকে ঘিরে ক্যাম্পাসে এখন সাজসাজ রব।

​অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি ও সার্বিক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। আজ মঙ্গলবার দুপুরে তিনি অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং মঞ্চসজ্জা, অতিথিদের আসন বিন্যাস ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো আয়োজিত এই ঐতিহাসিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি।

​পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।

​উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত এই ডিনস অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদান ও ভবিষ্যতে উচ্চতর শিক্ষায় তাদের উৎসাহিত করার নতুন একটি দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..