• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ভারতীয় টুরিস্ট ভিসা চালু হওয়ার ঘোষণায় স্বস্তি ফিরেছে বুড়িমারী স্থল বন্দরে।।

হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি: / ৯২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দর দিয়ে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ভারতীয় টুরিস্ট ভিসা চালু হওয়ার ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে বুড়িমারী স্থলবন্দরে।

দীর্ঘ স্থবিরতা কাটিয়ে ভারত কর্তৃক ভ্রমণ ভিসা চালু হওয়ার ঘোষণা আসায় বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী,পরিবহন মালিক,হোটেল-মোটেল কর্তৃপক্ষ সহ স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসহ উদ্দীপনা লক্ষ করা গেছে।

ভারতীয় টুরিস্ট ভিসা চালুর সংবাদে স্থলবন্দর সংশ্লিষ্ট এলাকার বন্ধ হওয়া হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন কাউন্টারগুলো আবারও খোলার প্রস্তুতি শুরু করেছে। স্থলবন্দর সুত্রে জানা যায়, ভারত, ভুটান, নেপালসহ তিনটি দেশ ভ্রমণের জন্য ব্যবহৃত হয়ে আসছে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট।

গত ৪ আগষ্ট ২০২৪ খ্রি ভারতীয় হাইকমিশন, ভিসা আবেদন কেন্দ্র (IVAC) এবং ভারতীয় কর্মীদের নিরাপত্তার কারণ দেখিয়ে ভ্রমণ ভিসার আবেদন বন্ধ করে দেয়।এ সময় নিরাপত্তাজনিত কারণে ভারত পর্যটন ভিসা ইস্যু স্থগিত রাখে। তবে মেডিকেল ভিসা, জরুরি মানবিক ভিসা এবং কিছু অন্যান্য বিশেষ শ্রেণির ভিসা সীমিত আকারে চালু ছিল।

ভারতীয় হাই কমিশন কর্তৃক ভ্রমণ ভিসা প্রসেসিং কার্যক্রম বন্ধ করে দেওয়ায় শুরু হয় ভ্রমণ ভিসা সংক্রান্ত জটিলতা। এর ফলে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ও পারাপার আশংকাজনক হারে কমে যায়।

এ সময় শুধু সিমীত পরিসরে বিজনেস এবং মেডিকেল ভিসা চালু থাকলেও তা ছিল নামমাত্র।এতে সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়ে ভ্রমণ ভিসায় যাতায়াতকারী যাত্রীরা। ফলে সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার পাশাপাশি কমতে থাকে স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান,ভ্যান- রিকশা চালক,শ্রমিক ও পরিবহন শ্রমিকদের দৈনন্দিন আয়।

স্থলবন্দর সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ী,শ্রমিকসহ অনেকেই তাদের পেশা ছেড়ে অন্য কাজে চলে যায়।পাসপোর্টধারী যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে যায় বেশ কিছু পরিবহন,হোটেল-মোটেল ও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

পরবর্তীতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে গত ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘ দুই বছরের অবসান ঘটিয়ে ভারতীয় ভ্রমণ ভিসা চালু হওয়ার ঘোষণায় এ স্থলবন্দর সংশ্লিষ্ট হোটেল – মোটেল মালিক, পরিবহন মালিক,ক্ষুদ্র ব্যবসায়ীসহ ভ্রমণ পিপাসু মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

বুড়িমারী স্থলবন্দরের বেশ কয়েকটি বাস কাউন্টার ম্যানেজারের সাথে কথা বললে তারা জানান,ভারতীয় টুরিস্ট ভিসা চালু হলে আশা করি বাস কাউন্টার গুলোতে আগের মতই যাত্রী বাড়বে এবং কর্মব্যস্ত হয়ে উঠবে পরিবহন কাউন্টার গুলো।

বুড়িমারী স্থল বন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, দীর্ঘ দুই বছর পর ভারতীয় ভ্রমণ ভিসা চালু হওয়ার ঘোষণায় বুড়িমারী ইমিগ্রেশন চৌকি দিয়ে যাত্রী পারাপার ও নিরাপত্তা নিশ্চিত করতে ইমিগ্রেশন এবং কাস্টমস কর্তৃপক্ষ প্রস্তুুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..