• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গঠনে সমাজের অবহেলিত, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি- সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

Reporter Name / ৪৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের কল্যাণ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর সদর উপজেলায় বেসরকারি এতিমখানার জন্য ক্যাপিটেশন গ্র্যান্ট এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গঠনে সমাজের অবহেলিত, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। বর্তমান সরকার সমাজের প্রতিটি অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল। তিনি বলেন, সরকারি অনুদান একটি গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা কর্মসূচি। এর যথাযথ ব্যবহার নিশ্চিত হলে অসহায় মানুষ ও এতিম শিশুদের জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম আযম। তিনি সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার জন্য সরকারি অনুদান কর্মসূচির উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন।

পরে প্রধান অতিথি বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন। এ সময় বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকারি সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বেসরকারি এতিমখানার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী নিবন্ধিত সংস্থার নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রমকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে তা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..