
অপতথ্য ও গুজব নিয়ন্ত্রণ করে সকলের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার দাবি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: “ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা”এই স্লোগানকে সামনে রেখে পটিয়ায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের হলরুমে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সনাক পটিয়ার সাবেক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এন. এম. ফখরুদ্দীন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এসিজি (স্বাস্থ্য) সমন্বয়ক মীর আরিফুল ইসলাম। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য মো. জাহেদুল আলম। তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে উপস্থাপনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আলহাজ মো. তৈয়বুর রহমান, অধ্যাপক আবদুল হান্নান সিকদার, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা রশিদ ও প্রভাষক মুহাম্মদ জুনাইদ।
বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গেলে জনগণ ক্ষমতায়িত হয় এবং গণতান্ত্রিক চর্চা সুসংহত হয়। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় সরকারকেও সহায়তা করে। অন্যদিকে, অবাধ তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হলে সমাজে নানা ধরনের অসত্য তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়, যা রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
তারা আরও বলেন, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তথ্য কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের অসত্য তথ্য ও গুজব নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে সঠিক ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এন. এম. ফখরুদ্দীন বলেন, দুর্নীতি প্রতিরোধের অন্যতম কার্যকর হাতিয়ার হতে পারে ‘তথ্য অধিকার আইন-২০০৯’। আইনটির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এর সুফল জনগণ ভোগ করতে পারবে।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি এখন মানুষের হাতের নাগালে। অথচ এ প্রযুক্তির সুফল আমরা এখনো পুরোপুরি কাজে লাগাতে শিখিনি। প্রযুক্তির অপব্যবহার রোধ করে এর সর্বোচ্চ ও সঠিক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে নিতে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জনগণকেও এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এসিজি ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।