
টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২১,০০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এস আই (নিরস্ত্র) মোঃ আরিফুল হাসানের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল মোবাইল-১৩১ ডিউটি পালন করছিল।
ডিউটি চলাকালে ৯ অক্টোবর ২০২৬ (শুক্রবার) শেষ রাত আনুমানিক ৫:১০ ঘটিকার সময় ধনবাড়ী পৌরসভার কিসামত ধনবাড়ী এলাকাস্থিত আমবাগান মোড় থেকে ধোপাবাড়ী মোড়গামী রাস্তার মান্নান মাস্টারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মোঃ আলফাজ হোসাইন (৪০) এবং মোঃ আব্দুল আজিজের ছেলে আমান উল্লাহ (২৫)।
অভিযানকালে আসামিদের হেফাজতে থাকা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৯, তারিখ: ০৯/১০/২০২৬) রুজু করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুস সালাম সিদ্দিক গণমাধ্যমকে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”