
নড়াইল-১ আসনের সর্বস্তরে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, “আগামী দুই বছর বেঁচে থাকলে আমার এই অবহেলিত এলাকার সর্বস্তরে উন্নয়ন হবে। আমি সবসময় জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।”
সম্প্রতি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর অবহেলিত থাকা তাঁর নির্বাচনী এলাকায় ইতোমধ্যে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনগণের চাহিদা মেটাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়া শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে ১ লাখ টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন তিনি। কোনো মণ্ডপ যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে ধারাবাহিকভাবে সবার মাঝে সমানভাবে এই অনুদান বণ্টন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এলাকার চলমান উন্নয়নমূলক কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নিতে তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।