
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা। এ সময় তিনি পূজার আয়োজন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মন্দির কর্তৃপক্ষকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং মন্দিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় তাঁরা পূজা উদযাপন কমিটির সদস্যদের সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।
বক্তারা বলেন, বাঘাইছড়ি একটি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের জনপদ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রীতি, সহাবস্থান ও সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার বার্তার আলোকে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখা জরুরি। কোনো ধরনের বিভেদ বা বিদ্বেষ যেন উৎসবের আনন্দকে ম্লান করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বক্তারা বলেন, পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, বিএনপি নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তাঁরা বাঘাইছড়ির দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে উৎসবের সার্বিক সফলতা ও শান্তি-সমৃদ্ধি কামনা করেন।